মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলা, ১১ জন নিহত
মেক্সিকোতে একটি ফুটবল মাঠে সশস্ত্র হামলা হয়েছে। এতে কমপক্ষে ১১ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতো’র সালামানকা শহরের একটি পাড়ায় এই হামলা হয়।
মেয়রের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, হামলার জন্য দায়ীদের খুঁজে বের করার জন্য কর্মকর্তারা অভিযান শুরু করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই এবং আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এছাড়াও, বন্দুকযুদ্ধে ১২ জন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, শনিবার রাতে একই শহরে চারটি ব্যাগে মানুষের দেহাবশেষ পাওয়া গেছে।
গুয়ানাজুয়াতোতে একটি সমৃদ্ধ শিল্প কেন্দ্র এবং বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে।
তবে সরকারি হত্যাকাণ্ডের পরিসংখ্যান অনুসারে, গ্যাং টার্ফ যুদ্ধের কারণে এটি দেশের সবচেয়ে মারাত্মক রাজ্য হিসাবে পরিচিত।
তবে, মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বছরের শুরুতে বলেছিলেন, তার প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলের ফলে ২০২৫ সালে মেক্সিকোতে হত্যার হার এক দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।


কোন মন্তব্য নেই